নেপাল-চীনে ভয়াবহ বন্যায় নিহত ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি
নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়েই চলেছে। দুই দেশের সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।
রোববার (৩০ আগস্ট) নেপাল ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে এ সংখ্যা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এর আগে মৃতের সংখ্যা ৬৭০ জন বলে জানানো হয়েছিল। এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক।
অন্যদিকে, চীনের তিব্বত অঞ্চলে বন্যায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সেখানে আরও ৫৪৬ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন, যার মধ্যে ১৮ জন মার্কিন নাগরিক।
দুই দেশের হিসাব একত্র করলে মৃতের সংখ্যা দাঁড়ায় ৭৫০ জন এবং নিখোঁজের সংখ্যা ৩ হাজার ৪৪ জন।
বন্যায় নেপালের রাসুয়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা এবং চীনের তিব্বত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল স্রোতে বহু ঘরবাড়ি, সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গম অনেক এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিখোঁজদের সন্ধানে দুই দেশেই উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএ//