অবরোধের মধ্যেও তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় ইরানের
মার্কিন নৌ অবরোধের মধ্যেও চলতি ইরানি বছরের প্রথম চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান। দেশটির তেল বিক্রি থেকে পাওয়া এই অর্থের পুরোটাই কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের তেল মন্ত্রণালয়ের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় পরিচালিত ব্যয় মেটানো সম্ভব হবে।
ইরানের চলতি অর্থবছর শুরু হয়েছে ২০২৬ সালের ২১ মার্চ এবং শেষ হবে ২০২৭ সালের ২০ মার্চ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে যে পরিমাণ আয় হয়েছে, তা পুরো বছরের বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ।
ফার্সের দাবি, মার্কিন নৌ অবরোধের বাইরে বিক্রির জন্য দেশটির কাছে এখনো পর্যাপ্ত তেল মজুত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ও সামুদ্রিক বাণিজ্য চাপে পড়েছে। দুই দেশের চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে কৌশলগত হরমুজ প্রণালি। ইরান প্রণালিটি বন্ধ রেখেছে এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য এটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
গেল জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে হওয়া সমঝোতা স্মারকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল।
তবে ইরানি কর্মকর্তারা বলে আসছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, পাশাপাশি জব্দ থাকা ইরানি সম্পদ ছেড়ে দেওয়াসহ ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএ//