অর্থনীতি

লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

ছবি: ফাইল ছবি

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৮৮ টাকা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সামগ্রিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে খোলা পাম তেলের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও দেশীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট ও অবৈধ মজুত ঠেকাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন