জাতীয়

দেশে সারের সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। পঞ্চগড়ে চাহিদার তুলনায় বেশি সার সরবরাহ করা হয়েছে।  তবে ডিলারদের মাধ্যমে কৃষকের কাছে সার পৌঁছানোর ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে। এ সুযোগে কেউ কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে প্রশাসন ও জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,  অতীতে নিয়োগ পাওয়া অনেক সার ডিলার একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অনেকে বর্তমানে এলাকায় নেই বা পলাতক। ফলে পর্যাপ্ত সার সরবরাহের পরও কোনো কোনো ডিলার তাদের গুদাম থেকে কৃষকের মধ্যে যথাযথভাবে সার বিতরণ করছেন না। কেউ কেউ কৃত্রিম সংকট তৈরিরও চেষ্টা করছেন।

তিনি বলেন, উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে পঞ্চগড়ে সার নিয়ে কোনো সংকট বা কৃত্রিম সংকট তৈরি হয়নি।  তবে ১০, ১৫ বা ২০ কেজি সার কিনতে গিয়ে অনেক কৃষককে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দুই-তিন দিন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।  এ সমস্যা সমাধানে সরকার নতুন করে ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন,  সরকারি নির্ধারিত ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকার সার কোনোভাবেই ১ হাজার ৭০০ বা ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করা যাবে না। রাতের আঁধারে বা গোপন জায়গায় নিয়ে গিয়ে কেউ বেশি দামে সার বিক্রি করলে তা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর নজরদারি করতে হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন