গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকেরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদামত সার না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ কৃষকেরা এক ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। তবে বাকি সার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ট্রেডার্স ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল থেকেই ওই ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক সার কেনার জন্য জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলার পয়েন্টের গুদাম না খোলায় কৃষকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা গুদামের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সার নিয়ে যেতে শুরু করেন।
ডিলার সূত্রে জানা যায়, শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের নামে মোট ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ ছিল। এর মধ্যে গুদামে প্রায় ৩৪০ বস্তা সার মজুত ছিল বলে স্থানীয়রা জানান।
ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা অবশিষ্ট সার রক্ষা করে।
পুলিশ জানায়, কৃষকেরা মোট ১৯৭ বস্তা সার নিয়ে যান। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দেন।
ওসি আজিম উদ্দিন বলেন, শিলখুড়ি ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। বিপরীতে বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনও ছিল আরও কম। ফলে কৃষকদের মধ্যে সার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ে যাওয়া বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।
আই/এ