দেশজুড়ে

মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের প্রতি আহ্বান ডেপুটি স্পিকারের

ভালো ফলাফলের স্বীকৃতি পেলেন নেত্রকোণার দুর্গাপুরের ৭৬ জন কৃতি শিক্ষার্থী। বৃত্তি অর্জন ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এসব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শুধু নতুন ভবন বা অবকাঠামো নির্মাণ নয়, প্রকৃত মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিরিশিরি কালচারাল একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এবতেদায়ি পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষার উন্নয়নের জন্য শুধু বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করলেই হবে না। শিক্ষার্থীরা যাতে সত্যিকার অর্থে মানসম্মত শিক্ষা অর্জন করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।

তিনি শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে এবতেদায়ি পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণি সমমান জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৭৬ জন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন