রশিদ খানের বিধ্বংসী বোলিংয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল আফগানিস্তান
ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ পাঁচ উইকেট শিকার করার পর এবার জাতীয় দলের জার্সিতেও বল হাতে আগুন ঝরিয়েছেন রশিদ খান। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৩৪ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। রশিদের এই বিধ্বংসী বোলিংয়ের সামনে টিকতে না পেরে মাত্র ২০৭ রানেই গুঁটিয়ে যায় আইরিশরা। ফলে ৯২ রানের বড় জয় তুলে নেয় আফগানিস্তান।
৭ আগস্ট (শুক্রবার) ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪৭ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন ইব্রাহিম জাদরান, আর সেদিকউল্লাহ অটল অবদান রাখেন ৪৫ রান। আয়ারল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মার্ক অ্যাডায়ার ও জয় মুন্দ্রা। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল।
২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে বেশ ভালো অবস্থানেই ছিল আয়ারল্যান্ড। ১৪.১ ওভারে ১ উইকেটে ৯৬ রান সংগ্রহ করলেও এরপরই শুরু হয় রশিদ খানের ঘূর্ণি জাদু। এরপর মাত্র ১১১ রান যোগ করতেই শেষ ৯ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। ৩৩.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় তারা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন কেড কারমাইকেল।
ম্যাচজুড়ে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দেন রশিদ। আইরিশদের শেষ ৭ উইকেটের ৪টিই নেন এই লেগ স্পিনার, যার কল্যাণে মাত্র ৯ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ৩৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। ৭.৪ ওভারের স্পেলে ২৩টি বলই ডট দেন রশিদ, যা তার নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ দেয়।
এই অর্জনের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ইনিংসে ন্যূনতম ৫ উইকেট শিকার করলেন রশিদ খান, যা বর্তমান সময়ের স্পিনারদের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ওয়ানডে ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি এটি তার তৃতীয়বারের মতো। ওয়ানডেতে এর চেয়ে বেশি (পাঁচবার) ৬ উইকেট নেওয়ার রেকর্ড কেবল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের।
উল্লেখ্য, ওয়ানডেতে রশিদের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ১৮ রানে ৭ উইকেট, যা তিনি ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অর্জন করেছিলেন।
আর/আই