আন্তর্জাতিক

আবারও আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান

ছবি: বিবিসি

আফগানিস্তানের ভেতরে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। বুধবার (২৩ সেপ্টেম্বর) আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের আকাশসীমায় ড্রোন প্রবেশের পর পাল্টা ব্যবস্থা হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামলার বিষয়টি জানান।

তিনি বলেন, আত্মরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার প্রয়োগ করেই আফগানিস্তানের ১০টি নির্দিষ্ট স্থানে পরিকল্পিত ও সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের দাবি, এসব স্থানে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের ব্যবস্থা ছিল।

এর আগে বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় পাকিস্তানি নিরাপত্তা সূত্র।

তাদের তথ্য অনুযায়ী, চারটি ড্রোন তোরখাম সীমান্তের কাছাকাছি এলাকায় এবং আরও চারটি কোহাট সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকায় ধ্বংস করা হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রীর অভিযোগ, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী আস্তানা ও সহযোগী নেটওয়ার্ক নিয়ে তালেবান সরকারের কাছে একাধিকবার উদ্বেগ জানানো হলেও কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে হামলা ও অন্যান্য শত্রুতামূলক তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

আতাউল্লাহ তারার আরও বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, সংলাপ ও গঠনমূলক সম্পর্কের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের কথাও জানান তিনি।

আফগান তালেবান সরকারকে পাকিস্তানের বিরুদ্ধে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর, দৃশ্যমান ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী।

দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। এর আগে ২৩ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করা আটটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছিল পাকিস্তান। এরপরই আফগান ভূখণ্ডে ১০টি স্থানে হামলার ঘোষণা দেয় ইসলামাবাদ।

সূত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন