আন্তর্জাতিক

গ্রিসের উপকূলে অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। লিবিয়ার উপকূল থেকে নৌকায় করে ইউরোপে যাওয়ার পথে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, সুদান ও মিসরের নাগরিক রয়েছেন।

গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেতিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা এলাকায় ৪০ অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার একটি বিমান।

পরে খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ডের সদস্যরা একটি মাছ ধরার নৌকার সহায়তায় সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নৌকাটিতে থাকা ৪০ জনকেই নিরাপদে তীরে নিয়ে আসা হয়। পরে তাদের আইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয় এবং পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়।

এর কয়েক ঘণ্টা আগেও দুটি নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এর মধ্যে একটি নৌকায় ছিলেন ৫৬ জন। তাদের ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক।

অন্য নৌকাটিতেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক। পরবর্তী সময়ে আরও ৪০ জনকে উদ্ধারের ফলে ৪৮ ঘণ্টারও কম সময়ে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ২০২ জনে।

উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রিটে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় তাদের সাময়িক আশ্রয় ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপও বাড়ছে।

লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীদের জন্য ক্রিট বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে। এ কারণে দ্বীপটির উপকূলে নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে গ্রিসের কর্তৃপক্ষকে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন