আন্তর্জাতিক

সৌদির ওপর চাপ বাড়াতে আরামকোতে হুথিদের হামলা জোরদার

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা আরও তীব্র করেছে। বিশ্লেষকদের মতে, সৌদি অর্থনীতির মূল ভিত্তিতে আঘাত হেনে রিয়াদের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে গোষ্ঠীটি।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল এক সপ্তাহ ধরে হুথি নেতারা ধারাবাহিকভাবে ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, সৌদি আরবের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত—আরামকোর তেল স্থাপনাই তাদের প্রধান লক্ষ্য।

এর আগেও হুথিরা আরামকোর তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছিল। সেসব হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই হামলাগুলোর পর ইয়েমেন ইস্যুতে আলোচনায় বসতে সৌদি আরবের ওপর চাপ তৈরি হয়েছিল।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, সর্বশেষ হামলার মাধ্যমে হুথিরা দেখাতে চাচ্ছে যে, ধারাবাহিক বিমান হামলার মুখেও তারা কার্যকরভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। সামরিক পরিভাষায় এই সক্ষমতাকে ‘সেকেন্ড-স্ট্রাইক ক্যাপাবিলিটি’ বলা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু সৌদি আরবের বিরুদ্ধেই নয়, অতীতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরাইলের সঙ্গে সংঘাতের সময়ও একই ধরনের পাল্টা হামলার সক্ষমতার প্রদর্শন করেছে হুথিরা।

হুথিদের দাবি, তারা শুরুতেই সৌদি আরবের সামনে দুটি বিকল্প রেখেছিল—ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ তুলে নিয়ে আলোচনায় বসা অথবা পূর্ণমাত্রার সংঘাতে জড়িয়ে পড়া।

বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, সৌদি আরব দ্বিতীয় পথই বেছে নিয়েছে। এর ফলেই দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার বর্তমান ধারাবাহিকতা আরও তীব্র হয়ে উঠেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন