রাজনীতি

পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি দুর্নীতিবাজ। তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

নাহিদ বলেন, রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো, তার পদত্যাগ করা প্রয়োজন। তিনি পদত্যাগ করবেন না, হয়তো সরকারই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপি সরকার বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তন করবে কীভাবে?

তিনি বলেন, একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক তালবাহানা করেছে। কোনো জনপ্রিয় ব্যক্তিকে বা নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় নাই।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, তারা সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে তারা দেখবেনযদি কোনো অযোগ্য লোককে রাষ্ট্রপতি নির্বাচন করে, জনগণের এই সরকারের ওপর তো কোনো আস্থা নেই, আরও সম্পূর্ণরূপে সব আস্থা চলে যাবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন