রাজনীতি

কোনও ডিসেম্বরেই আপার দেশে আসার সুযোগ নেই : নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,ডিসেম্বর মাস বিজয়ের মাস। ৭১ এ যেভাবে বিজয় অর্জিত হয়েছে। ২৪ এ ছাত্র জনতা যেভাবে বিজয়ী হয়েছে/ ২৬ এর ডিসেম্বরেও ছাত্র জনতা বিজয়ী হবে। কোনও ডিসেম্বরেই “আপা” দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, আগামী ডিসেম্বর মাসে দেশে কারও ফিরে আসার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ডিসেম্বর মাসে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন, আপনারা কি জানেন? আমরা কি প্রস্তুত আছি? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবার কি আছি? এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, না কম হবে?’

তিনি বলেন, আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছিলাম। আমরা ওসমান হাদির ভাষায় বলেছিলাম- শত্রুর প্রতিও আমরা ইনসাফ করবো, ন্যায়বিচার করবো। কিন্তু গত দুই বছরে আমরা কোনও বিচার পাইনি। ওসমান হাদি হত্যার বিচার পাইনি, জুলাইয়ের শহীদ ভাইবোনদের হত্যার বিচার পাইনি। জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।

তিনি আরও বলেন,  বাংলাদেশের ছাত্র-জনতা এখনও ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। আপনাদের সেটার প্রমাণ দিতে হবে। আপনারা শুধু নোয়াখালী বিভাগ চাই বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন- এর নামই বিশ্ববিদ্যালয়।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘৭ নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে, আর যা তাদের পক্ষে যায় না কিংবা যেখানে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন