রাজনীতি

ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে : নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা যে পারফরমেন্স সেইটার ওপরে আস্থা নেই। তাই ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে এবং সরকার আর আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এইটা এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা অ্যাকাডেমিতে এক মতবিনিময় সভার আগে  এসব কথা বলেন নাহিদ ইসলাম। সাংগঠনিক অগ্রগতি ও স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সভাটির আয়োজন করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, আট মাসেও সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। বরং সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে। গ্যাসের দাম আরও বাড়লে তা বাজারে তিন হাজার থেকে ৩৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আলাদাভাবে অংশ নেবে।  জনগণের অধিকার ও দেশের স্বার্থে আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের ব্যর্থতার কারণে গঙ্গা চুক্তি করা সম্ভব হচ্ছে না। পানির ন্যায্য হিস্যার দাবিতে ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে আন্দোলন করবে।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন,  গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজকে এই আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো একটা ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার হওয়া যায় না। যদি এই আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে থাকে এবং নৈরাজ্য করে, তাহলে এর দায় সরকারকে নিতে হবে। সারাদেশে ফ্যাসিস্টের নেতাকর্মীদের পেলে পুষে রাখছে বিএনপিই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ দলের অন্যান্য নেতারা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন