রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন
সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত গুঞ্জনের মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। স্পিকারের একান্ত সচিব (পিএস) রওশন কবির তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংকক যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ঢাকা ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে আগামীকালই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে।