দেশজুড়ে

টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাকিব আলম সুজন।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) ও মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।

সাকিব আলম সুজন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। 

বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার এবং দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের বোটটি জব্দ করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আরফাত হোসেন বলেন, আটক মাদক পাচারকারী, জব্দ করা বোট ও উদ্ধার করা ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন