আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (১৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এশিয়ার লেনদেনে মঙ্গলবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭৫ ডলারে।

এর আগে সোমবার সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কায় একদিনেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে দামের বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিতে যেকোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।

তবে সর্বশেষ এই মূল্যবৃদ্ধির পরও ব্রেন্ট ক্রুডের বর্তমান দাম চলতি বছরের এপ্রিলের শেষ দিকে রেকর্ড হওয়া ব্যারেলপ্রতি ১২০ ডলারের তুলনায় এখনও অনেক নিচে রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন