মার্কিন হামলায় প্রস্তর যুগে ফিরে গেছে ইরান : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং দেশটি কার্যত ‘প্রস্তর যুগে’ ফিরে গেছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, গত চার মাসে ইরানের সামরিক শক্তিতে নাটকীয় পরিবর্তন এসেছে এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ইরানের সামরিক ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দেশটির নৌবাহিনীর বহরে মোট একশত ঊনষাটটি সামরিক জাহাজ ছিল। তার দাবি, সেই একশত ঊনষাটটি জাহাজই এখন সমুদ্রের তলদেশে রয়েছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের সব যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি দেশটির রাডার ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা অবকাঠামোও সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।
সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন, ইরানের সামরিক অস্ত্র উৎপাদন সক্ষমতার প্রায় চুরাশি শতাংশ ধ্বংস হয়ে গেছে।
তার মতে, চার মাস আগের ইরান এবং বর্তমান ইরানের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের টানা সামরিক অভিযানের ফলে দেশটি এখন অনেক দুর্বল অবস্থায় পৌঁছেছে এবং কার্যত প্রস্তর যুগের কাছাকাছি নেমে এসেছে।
তবে ট্রাম্প স্বীকার করেন, ইরানের হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে। যদিও তার দাবি, দেশটির অবশিষ্ট সামরিক সক্ষমতা এখন অত্যন্ত সীমিত।
মধ্যপ্রাচ্যে ইরানের অতীতের প্রভাবের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান একসময় মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল। কিন্তু তারা আমার ওপর কোনো দাদাগিরি করতে পারেনি।’
এসি//