দেশজুড়ে

সিরাজগঞ্জে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় রিয়াদ। এ সময় আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য শিপন আলী শেখ জানান, বৃষ্টির সময় পুকুরে অবস্থান করায় রিয়াদ বজ্রপাতে প্রাণ হারায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

রিয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, সে শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন