শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতি এবং বৈরী  আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি আদেশে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের ৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।  স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা আগের সূচি অনুযায়ী চলবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে, তবে চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো এর বাইরে থাকবে।

এর আগে মঙ্গলবার রাতে শুধু চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলেও, সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় পরে সিদ্ধান্ত পরিবর্তন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। পরীক্ষা শুরুর আগে গত ১ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে প্রতিটি বিষয়ে তিনটি করে প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। 

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন