ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইন বন্ধ
গাজীপুরের পূবাইলে ঢাক-চট্টগ্রাম রেলপথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এগারসিন্দুর’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান।
যাত্রীরা জনান, গাজীপুরের পুবাইল স্টেশন ছাড়িয়ে কিছুদূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায়। এসময় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
ওসি মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়ার তৈরি হয়েছিল। তবে আগুন ছিল কি-না তা নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
এমজে/এ