দেশজুড়ে

উত্তরা ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত আরিফুল ইসলাম (৪৫) উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কসবার গোপীনাথপুর বাজার এলাকায় আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

পুলিশ জানায়, এ ঘটনায় গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের আলী হোসেনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয়দের দাবি, আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন একই এলাকায় বসবাস করতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ঋণও নিয়েছিলেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। পূর্ববিরোধ কিংবা ঋণসংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন