জুলাই হত্যাকাণ্ডের মামলার বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে: নাহিদ ইসলাম
জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (০১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে। তিনি এ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে ইনুর এই সাজা যথেষ্ট নয়। তিনি বলেন, আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রত্যাশা করছে এনসিপি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না; জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণারও আহ্বান জানান তিনি।
এ সময় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারতে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুবদল থেকে এনসিপিতে যোগ দেওয়া নেতা ইসাহাক সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এনসিপির নেতারা।
এমএ//