মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশালে মসজিদের ভেতরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর ইসলাম (৪৪) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ শাহিনুর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামর পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিশুসহ আরও দুই শিশু শাহিনুর ইসলামের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করে আসছিল। গেল শনিবার বরাবরের মতোই দুপুরে ওই শিশুটি কোরআন পড়তে মসজিদে যায়। তবে নির্ধারিত সময়ের পরও মেয়েটি বাড়ি না ফেরায় মেয়েটির মা বিকেল তিনটার দিকে মসজিদে যান। মসজিদের ভেতর প্রবেশ করতেই তিনি ইমাম শাহিনুর ইসলামকে শিশুটির সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ইমামকে হাতেনাতে আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। এরপর ইমামকে জুতার মালা পড়িয়ে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। ভুক্তভোগীর মা বলেন, ‘আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।’
ওসি মো. মনসুর আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলামকে হেফাজতে নেওয়া হয়। রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার তাকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
আর/আই