খেলাধুলা

ইনজুরিতে ভাঙল স্বপ্ন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় এন্দোর

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো। পায়ের চোটের কারণে আসন্ন ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে না পারায় জাতীয় দলের জার্সিতে আর না ফেরার ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী লিভারপুলের এই মিডফিল্ডার। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে এন্দো জানায়, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে জাপান বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করবে বলে বিশ্বাস প্রকাশ করেন এবং এখন থেকে তিনি নিজেও একজন সমর্থক হিসেবেই জাপানকে সমর্থন দেবেন।  

২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর জাপানের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন এন্দো। এই সময়ে করেছেন চারটি গোল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি কাতার বিশ্বকাপে জাপানের অধিনায়কত্বও করেন তিনি। তার নেতৃত্বেই জাপান শক্তিশালী জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল।

এদিকে আসছে ১৪জুন দিবাগত রাত ২টায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে জাপান। ২০২৬ বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া।

উল্লেখ্য, গেল ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে মৌসুমের বাকি অংশ মিস করেন এন্দো। ৩১ মে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ফিরলেও দ্বিতীয়ার্ধে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন