আন্তর্জাতিক

ব্যাগভর্তি টাকা ছিনিয়ে গাছে উঠে গেল বানর

উত্তরপ্রদেশের বুলন্দশহরে আদালত চত্বর থেকে দুই লাখ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে গাছে উঠে যায় একটি বানর। তারপর ব্যাগের ভেতর থেকে টাকা ছুড়ে নিচে ফেলতে শুরু করে সে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিবন্ধনের কাজে আদালতে এসেছিলেন এক ব্যক্তি। তিনি আদালত চত্বরে এক ডাকটিকিট বিক্রেতার দিকে যাওয়ার সময় হঠাৎ একটি বানর ব্যাগটি ছিনিয়ে নিয়ে পাশের একটি নিমগাছে উঠে পড়ে।

গাছের উঁচু ডালে বসে বানরটি ব্যাগ খুলে নোটগুলো ছুড়ে ফেলতে শুরু করলে মুহূর্তেই সেখানে ভিড় জমে যায়। অনেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা টাকা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন।

পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পোছায় পুলিশ। ২ লাখ টাকার মধ্যে ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি সামান্য অংশ হারিয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই ঘটনাটিকে মজার বলে মন্তব্য করলেও, অধিকাংশই নগদ অর্থ বহনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন