জাতীয়

চসিক মেয়রকে প্রধানমন্ত্রী

আমেরিকায় নয়, সন্ধ্যার পর ডোবার ধারে দাঁড়ালেই মিলবে মশা নিধনের কৌশল

মশক নিয়ন্ত্রণে ‘আধুনিক ও উদ্ভাবনী’ পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করেছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র শাহাদাত হোসেন ও সংস্থাটির আরও পাঁচ কর্মকর্তা। এ লক্ষ্যে তাদের বিদেশ সফরের একটি প্রস্তাবও প্রস্তুত করা হয়েছিল।

তবে মশা নিধনের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের নামে প্রস্তাবিত এই সফর শেষ পর্যন্ত এগোয়নি। সংশ্লিষ্ট ফাইলে এক কলমের খোঁচায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুধু সফর বাতিলই করেননি, চসিকের কর্তাদের উদ্দেশ্যে এক চরম চটকদার ও রসালো পরামর্শও দিয়েছেন দেশের সরকারপ্রধান।

তিনি জানিয়ে দিয়েছেন, মশা নিধন শেখার জন্য ট্যাক্সপেয়ারদের বা স্পনসরদের টাকায় ফ্লোরিডা যাওয়ার কোনো দরকার নেই; দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দু’তিন ঘণ্টা চুপচাপ দাঁড়িয়ে থাকলেই মশা মারার হরেক রকম 'উদ্ভাবনী কায়দা' মাথায় চলে আসবে!

প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার (০১ জুন) রাতে এই চাঞ্চল্যকর সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে। স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ‘তেতো কিন্তু সত্য’ দাওয়াই পেয়ে মায়ামি বা শিকাগোর টিকিট কাটার স্বপ্ন আপাতত ভেস্তে গেছে চসিকের প্রতিনিধিদলের।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই সফরের ছাড়পত্র না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ।

চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র থেকে জানা গেছে, মশা নিধনের আধুনিক প্রযুক্তি দেখতে চসিকের এই ভিভিআইপি প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিশেষ কীটনাশক কারখানা এবং ল্যাব পরিদর্শন করতে চেয়েছিল।

এই সফরের পুরোভাগে ছিলেন স্বয়ং মেয়র শাহাদাত হোসেন। তাঁর সঙ্গীর তালিকায় নাম লিখিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম। এমনকি সফরটি যাতে মসৃণ হয়, সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন আমলাকেও এই দলে ভেড়ানোর লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল।

বিদেশি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের অর্থায়নে এই প্রমোদ ভ্রমণের সব বন্দোবস্ত পাকা করা হয়েছিল। এরপরই চসিকের এই পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের ফাইলটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ হিসেবে পাঠানো হয়। আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ফাইলটি দেখার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নির্দেশনা দেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দু–তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে’।

দেশের মশার কামড় না খেয়ে আমেরিকার সমুদ্র সৈকতে মশা মারার বুদ্ধি খোঁজার বিলাসী মানসিকতাকে প্রধানমন্ত্রী যেভাবে কটাক্ষ করেছেন, তা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তুমুল প্রশংসিত হচ্ছে।

চসিকের এক কর্মকর্তা জানিয়েছেন, মশা নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব জৈব কীটনাশক ‘বিটিআই’ (ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) সংগ্রহ করেছে। বর্তমানে নগরজুড়ে এই কীটনাশক ব্যবহারও করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন