চুরি করা গরু পিকআপ ভ্যানে রেখে পালালো চোর
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের টহল টিমের উপস্থিতি টের পেয়ে চুরি করা গরু-ছাগল ও পিকআপ ভ্যান ফেলে পালিয়ে গেছে এক চোর চক্র। ঘটনাস্থল থেকে তিনটি চোরাই গরু, একটি ছাগল এবং ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে ওই এলাকায় টহল দিচ্ছিল রায়গঞ্জ থানা পুলিশের একটি দল। দলটি ষোলমাইল এলাকায় পৌঁছালে পুলিশের গাড়ি দেখতে পেয়ে চোরচক্র দ্রুত পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায়। পরে পিকআপসহ গরু-ছাগল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাইফুল ইসলাম খান জানান, উদ্ধার হওয়া পশুগুলোর প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আই/এ