জাতীয়

ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং : সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় সড়কে বের হবেন প্রায় দেড় কোটির ওপরে মানুষ। আরও ১ কোটির কাছাকাছি কোরবানির পশু, এটাও তো পরিবহনের ব্যাপার। প্রায় আড়াই কোটি মানুষ এবং কোরবানির পশুকে মাত্র তিন-চার দিনের মধ্যে স্বস্তির ও নির্বিঘ্ন করা একটি বড় চ্যালেঞ্জ।

শুক্রবার (২২ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি । 

মন্ত্রী বলেন,  মহাসড়কগুলোতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে বৈঠক হয়েছে। কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে, সেসব সমাধানও করা হয়েছে।  যে অবকাঠামো, বাস-ট্রাক যানবাহন আছে, এটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তিন দিনের মধ্যে এটাকে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা একটু চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলো সরকার সমাধানের চেষ্টা করছে। আপনাদের সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন হলে এবং প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে আমার মনে হয় মানুষের স্বস্তিতে এবার ঈদযাত্রা নিশ্চিত করতে পারব।

তিনি  বলেন, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক উন্নয়নের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। 

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চালকদের অদক্ষতা, আনফিট যানবাহন ও জনগণের অসচেতনতার ফলে প্রতি বছর দেশে গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি জানিয়েছেন, দুর্ঘটনাপ্রবণ স্থান ও কারণগুলো চিহ্নিত করে আগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে সড়ক দুর্ঘটনার হার কমে আসছে।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের প্রত্যেক পরিবারকে ৫ লাখ এবং আহত ৩৩ জনের প্রত্যেক পরিবারকে ২ থেকে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

আর/আই

 

এ সম্পর্কিত আরও পড়ুন