ধর্ম

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, মারা যাওয়া চারজনই পুরুষ হজযাত্রী এবং তারা সবাই পবিত্র মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩২ হাজার ৪৮২ জন।

বুলেটিনে আরও জানানো হয়, এখন পর্যন্ত ৮৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

পরিবহন সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেছেন।

অন্যদিকে, সেখানে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে বলেও বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন