নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ-এর কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান এবার আইনে রূপ পেল। জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাসের মাধ্যমে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) দুপুরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা ‘হ্যাঁ’ ভোটে গৃহীত হয়। এর ফলে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন আরও সংশোধিত ও কঠোর করা হয়েছে।
এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।
সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন কার্যকর থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে জড়িত সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছিল।
এসি//