জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
গুলশানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির গোপন যোগাযোগ থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ গুলশানে বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগ এ মিছিল করার সাহস পেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলনে নামার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন রাশেদ খান। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াতের নেতারা বলছেন আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। তবে দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর গ্রহণ করবে না।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসি//