জাতীয়

নতুন সরকারের প্রথম একনেক সভা আজ, উপস্থাপনের জন্য চূড়ান্ত ১৭ প্রকল্প

ছবি: সংগৃহীত

নতুন সরকারের অধীনে আজ সোমবার (০৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের প্রথম বৈঠক। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমানের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকের জন্য চূড়ান্তভাবে ১৭টি উন্নয়ন প্রকল্প নির্বাচন করা হয়েছে, যার মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। শুরুতে ১৮টি প্রকল্প উপস্থাপনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে একটি বাদ পড়ে যায়। নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন উদ্যোগ। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন পাওয়া আরও ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপিত হবে।

তবে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ এবার তালিকা থেকে বাদ পড়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই প্রকল্পটির লক্ষ্য ছিল ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব মোকাবিলা করা। এর প্রথম ধাপেই ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।

এবারের একনেক বৈঠকে যেসব প্রকল্প আলোচনায় থাকছে, তার মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা অঞ্চল), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ ব্যবস্থা জোরদার, সর্বজনীন সামাজিক অবকাঠামো গড়ে তোলা, আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং আটটি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা ও অংশীদারিত্বভিত্তিক উন্নয়ন কার্যক্রম।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মোট ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি ও জলবায়ু সংশ্লিষ্ট রয়েছে ৪টি; অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৫টি; সড়ক নির্মাণ ও উন্নয়ন সংক্রান্ত ৩টি; মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণের ২টি; প্রযুক্তি উন্নয়নভিত্তিক ২টি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প রয়েছে ১টি।

অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে গৃহীত প্রকল্পগুলো ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কার্যকর তদারকি বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তারা মনে করছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন