স্বর্ণের বাজারে স্বস্তির খবর!
সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় বাজুস নতুন দর নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং একই সময় থেকে তা কার্যকর হয়েছে বলে জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দামে পতন ঘটায় বাজুসের মূল্য নির্ধারণ ও তদারকি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। ১৮ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি পড়বে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
এর আগে গত ১ এপ্রিল সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল। সে সময় ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। তখন ২১ ক্যারেট ছিল ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছিল।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ দফা দাম বাড়ানো হলেও কমানো হয়েছে ২২ দফা।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দামের পরিবর্তন হয়, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
শুধু স্বর্ণই নয়, রুপার দামেও এসেছে পরিবর্তন। এবার ভরিপ্রতি ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট রূপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হবে।
রূপার ক্ষেত্রেও চলতি বছরে দামের ওঠানামা লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত ৩১ বার দাম সমন্বয় হয়েছে, যার মধ্যে ১৭ বার বেড়েছে এবং ১৪ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার পরিবর্তন হয়েছিল, যেখানে দাম বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।
এসি//