ইসরাইলের পারমাণবিক স্থাপনায় ইরানি হামলা, আহত ১৩৫
ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত ৪৭ জন আহত হয়েছে। একই সময় কাছাকাছি আরাদ শহরেও হামলা চালানো হয়, যেখানে আরও ৮৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে বলা হয়েছে, এসব হামলা ছিল ‘প্রতিশোধমূলক’, যা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার জবাবে চালানো হয়েছে।
ইসরাইলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, আরাদ শহরে আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর এবং শহরের কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ডিমোনায় ৪৭ জন আহত হয়েছেন, যার মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে ‘কঠিন সময়’ উল্লেখ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। দমকল বিভাগ জানিয়েছে, প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলেও অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ডিমোনার শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার গবেষণা কেন্দ্রে কোনো বড় ধরনের ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি এবং বিকিরণের মাত্রাও স্বাভাবিক রয়েছে।
সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ডিমোনার একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ভবন ধসে পড়া ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের কিছু এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমএ//