বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, সড়কের একটি লেনে কাজ চলায় ওই পথে ধীরগতিতে চলছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় পেছন থেকে একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এ নিয়ে চালকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে যানবাহনের জট তৈরি হয়।
এর কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটের মধ্যে ঢুকে পড়ে। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।
ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএ//