রাজধানীর কোথায় কখন ঈদের জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব জামাতকে ঘিরে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য রাখা হয়েছে পৃথক পর্দার ব্যবস্থা।
বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
অন্যান্য ঈদ জামাত পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল ৭টায় এবং গেন্ডারিয়া ঈদ কমিটির ধূপখোলা ময়দান (ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ), বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ, মসজিদে বেলাল (রাদি.) গেন্ডারিয়া, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, ঢাকার মান্ডা সোনা মিয়া রোডের বাইতুন নূর জামে মসজিদ, লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।
নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ, ঢাকার দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ, ঢাকার জুরাইন বাইতুল জলিল জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
এ ছাড়া বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে উত্তর যাত্রাবাড়ী, খিলগাঁও, মাদারটেক, ভাসানটেক, হোমাম্মদপুর, মিরপুর সাড়ে ১১, শান্তিনগর, ডুমনি, পাতিরাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করতে পারবেন।
আই/এ