৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় প্রায় ৬ লাখ মুসল্লির উপস্থিতিতে নামাজ আদায় হয়। ভোর থেকেই নরসুন্দা নদীর তীরবর্তী এই ঈদগাহমুখী সড়কগুলোতে মুসল্লিদের ঢল নামে।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে এবারও বিশাল জনসমাগমে মুখর হয়ে ওঠে শোলাকিয়া মাঠ।
জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী নামাজ শুরুর আগে তিন দফায় ফাঁকা গুলি ছুড়ে সময়ের সংকেত দেওয়া হয়। নামাজ শুরুর ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি গুলি ছোড়া হয়।
নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের বেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।
এমএ//