আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ঈদ জামাতে হাজারো মুসল্লি

যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মাঝেও আল-আকসায় ঈদ জামাত অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বুধবার (২৭ মে) মুসল্লিরা মসজিদের ভেতরে  ও চত্বরে নামাজে অংশ নেন।

এসময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।  এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

এদিকে চলমান সংঘাত ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে আবারও আলোচিত হচ্ছে ইসরাইল-গাজা পরিস্থিতি।

ঈদুল আজহা মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর নিজের সন্তানকে কোরবানি করার প্রস্তুতির স্মৃতিকে ধারণ করে পালিত হয়। খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের কাছে তিনি আব্রাহাম নামে পরিচিত। এ উপলক্ষে মুসলমানরা পশু কোরবানি করে মাংস দরিদ্র মানুষের বিতরণ করেন।

ইসলামি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ উঠছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলী আগ্রাসনে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। হতাহতদের  মধ্যে বেশীরভাগই নারী ও শিশু।

এছাড়া যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গেল বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৬৪৫ জনের বেশি মানুষ। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন