যমুনার সেতুর পূর্ব প্রান্তে ভয়াবহ যানজট
ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নামতেই যমুনা সেতুতে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। সেতু এলাকায় ১৫টি যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পূর্ব প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়,ফলে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পরিস্থিতি সামাল দিতে বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত সেতুতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ঢাকামুখী লেন সাময়িকভাবে বন্ধ রেখে দুই লেন দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল চালু করা হয়। এতে ধীরে ধীরে চাপ কমতে শুরু করে।
সেতুর পশ্চিম টোল প্লাজার ঢাকামুখী অংশে প্রায় দেড় কিলোমিটার যানজট থাকলেও মূল চাপ ছিল পূর্ব প্রান্তে। সেখানে উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাত ১২টা থেকে সকাল ১১টা পর্যন্ত সেতুর ওপর ১৫টি যানবাহন বিকল হওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে সেতুকে একমুখী করে দেওয়া হয়, ফলে যান চলাচল এখন স্বাভাবিক হওয়ার পথে।
এদিকে রাতভর টাঙ্গাইল এলাকায় যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। দিনাজপুরগামী যাত্রী সোহেল জানান, রাত ১০টায় ঢাকা থেকে যাত্রা শুরু করলেও বিভিন্ন স্থানে যানজটে পড়ে সেতুর পূর্ব প্রান্তে পৌঁছাতে ভোর হয়ে যায়। যেখানে স্বাভাবিক সময়ে সময় লাগে মাত্র তিন ঘণ্টা। সেখানে দ্বিগুনের বেশি সময় লেগেছে আজ।
আই/এ