দেশজুড়ে

যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় সোয়া ৬ কোটি টাকা টোল আদায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে বঙ্গবন্ধু যমুনা সেতুতে গত ৪৮ ঘণ্টায় যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

গত রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত এই দুই দিনে সেতু দিয়ে মোট ৮২ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে যমুনা সেতু কর্তৃপক্ষের মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এর মধ্যে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ২৭ হাজার ৪৯৮টি এবং ঢাকাগামী গাড়ির সংখ্যা ছিল ১৯ হাজার ৪৪৫টি। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, স্বাভাবিক দিনের তুলনায় বর্তমানে প্রায় তিন গুণ বেশি যানবাহন চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও টোল প্লাজায় জটলা কমাতে সেতুর দুই পাড়ে বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে মোট ৯ থেকে ১৮টি বুথে টোল আদায় চলছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুই পাড়ে দুটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। যাতে ছোট যানবাহনগুলো দ্রুত পার হতে পারে।

টোল প্লাজায় বাড়তি বুথ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের কোনো যানজট ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন