ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায়
ঈদযাত্রায় গত চার দিনে যমুনা সেতু দিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
রোববার (২৪ মে) থেকে বুধবার (২৭ মে) রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন সেতু পার হয় বলে জানা গেছে।
শুক্রবার (২৯ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়। ওই দিন মোট টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২২ হাজার ১১২টি, যেগুলো থেকে টোল আদায় হয় ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। একই দিনে ঢাকামুখী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়, যেগুলো থেকে টোল আদায় হয় ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।
পরের দিন ২৫ মে সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ৩২ হাজার ১৮৬টি যানবাহন, এতে টোল আদায় হয় ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়, যেগুলো থেকে টোল আদায় হয় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
২৬ মে সেতু দিয়ে মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পার হয়। এদিন উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ৩৬ হাজার ৪২৬টি, যেগুলো থেকে টোল আদায় হয় ২ কোটি ২১ লাখ ৪ হাজার ২০০ টাকা। ঢাকামুখী ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয় ১ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।
ঈদের আগের দিন ২৭ মে সেতু দিয়ে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ৩২ হাজার ৯০৭টি যানবাহন, যেগুলো থেকে টোল আদায় হয় ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। একই দিনে ঢাকামুখী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয় ১ কোটি ১১ লাখ ৬ হাজার ৯০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথও চালু রাখা হয়।
তিনি আরও জানান, ঈদের ফিরতি যাত্রাতেও একই ধরনের প্রস্তুতি থাকবে, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।
এসি//