ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৫৫ কিলোমিটার যানজট
ঈদযাত্রার চাপ, টানা বৃষ্টি আর সড়কে বিকল গাড়ির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও ধীরগতিতে, আবার কোথাও থেমে থেমে চলছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানজট দেখা দেয়। অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া, দুর্ঘটনা এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়াকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে।
দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতের বৃষ্টি এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যানবাহনের চাপ অনেক বেশি। বৃষ্টির কারণে গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে। তবে দ্রুত সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
এসি//