ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানের ছবি ও তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে সরবরাহ করতেন। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন ও সুপ্রিম কোর্টের অনুমোদনের পর বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সুইডেনে অবস্থানকালে একটি ভ্রমণ-সংক্রান্ত বিজ্ঞাপনে নিজের তথ্য দেওয়ার পর অনলাইনে তাকে মোসাদের সঙ্গে যুক্ত করা হয়। প্রাথমিক যোগাযোগ করেছিলেন ফারসি ভাষাভাষী এক কর্মকর্তা।
ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে, গেল বছরের জুনে সাভজবোলাঘ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
গ্রেপ্তারের সময় তার কাছে উন্নতমানের গুপ্তচর সরঞ্জাম, গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ডিভাইস এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।
এমএ//