স্বস্তির ঈদযাত্রা
মহাসড়কে নেই ভোগান্তি, নিশ্চিন্তে ঘরে ফিরছেন যাত্রীরা
ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন সড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মিলেছে স্বস্তির চিত্র। যানজট ও দীর্ঘ অপেক্ষার ভোগান্তি ছাড়াই যাত্রীরা স্বাভাবিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে যানবাহনের সংখ্যা বাড়লেও কোথাও বড় ধরনের জটের সৃষ্টি হয়নি। ধীরগতিতে হলেও বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন চলাচল করেছে নির্বিঘ্নে।
ঢাকা থেকে রাজশাহীগামী এক যাত্রী জানান, আগের বছরগুলোতে এই পথে দীর্ঘ সময় আটকে থাকতে হলেও এবার যাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের সচেতনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সড়কের ওপর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সড়কে বড় কোনো দুর্ঘটনা বা বিঘ্ন না থাকায় যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যেই বাড়ি পৌঁছাতে পারছেন। ফলে এবারের ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়ক স্বস্তির একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে।
এমএ//