আন্তর্জাতিক

যুদ্ধের সমাপ্তি পরাজিত পক্ষ নয়, আমরাই নির্ধারণ করবো: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে যেকোনো হামলা বা হুমকি এলে আগের চেয়েও কঠোরভাবে এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

রোববার (০১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি এই হুঁশিয়ারি দেন। 

তিনি বলেন, যেকোনো হুমকির জবাব দিতে ইরান এক মুহূর্তও দেরি করবে না। পাল্টা জবাবের মাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর হবে। এক্ষেত্রে হামলার ভৌগোলিক সীমা কিংবা লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ মানা হবে না।

আজিজি আরও বলেন, ‘যুদ্ধের সমাপ্তি কীভাবে হবে, তা নিশ্চিতভাবেই আমরাই নির্ধারণ করব। ১২ ও ৪০ দিনের যুদ্ধে পরাজিত পক্ষ নয়।’

এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামরিক কমান্ডারদের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য হুমকি মোকাবিলায় যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

অন্যদিকে, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠিয়েছে তেহরান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন