নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করা হবে: আইআরজিসি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, নেতানিয়াহু যদি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে।
রোববার (১৫ মার্চ) আইআরজিসির ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, তিনি জীবিত থাকলে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, রোববার ইসরাইলের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া ইরানের দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সময়ে লেবানন থেকেও ছোড়া একটি প্রজেক্টাইল আকাশেই ধ্বংস করা হয়।
অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা কফার ইউভাল বসতির উত্তরে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। সীমান্তবর্তী একটি এলাকায় সেনাদের ওপর কামান থেকেও গোলাবর্ষণ করা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি।
রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরাইলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন–ইসরাইলি হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১,৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন। সংঘাত শুরুর পর দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটেছে।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//