দেশজুড়ে

আসামি ধরতে গিয়ে হামলার শিকার এএসআই

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামির খোঁজে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলোমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে দুইজন এএসআই মোটরসাইকেলে করে ওই এলাকায় যান। তারা বাজারের পশ্চিম পাশে অবস্থান করে একটি মামলার আসামির অবস্থান সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি পেছন দিক থেকে এসে এএসআই মামুনুর রশীদের ওপর হামলা চালায়। কাঠের বাটাম দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, মাথায় আঘাত পাওয়ায় সেখানে চারটি সেলাই দিতে হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শেখ (আনু), রুহুলসহ কয়েকজন ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে আনোয়ার হোসেনকে এলাকায় দেখা যাচ্ছে না এবং তার কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার বলেন, আনোয়ার হোসেন আগে ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন। তবে এ ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, হামলার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে। আহত এএসআই চিকিৎসাধীন থাকায় তার কাছ থেকে এখনো বিস্তারিত তথ্য নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন