৩ মার্চ থেকে শুরু ঈদের অগ্রিম টিকিট বিক্রি, এবারও শতভাগ অনলাইনে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট ছাড়বে বাংলাদেশ রেলওয়ে। বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত। আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
রেলওয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে একইভাবে পর্যায়ক্রমে ১৪ থেকে ১৯ মার্চ পর্যন্ত ভ্রমণের টিকিট বিক্রি করা হবে। অর্থাৎ ৪ মার্চ মিলবে ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের ট্রেনের টিকিট।
ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন বিক্রি হবে ২৩ মার্চের টিকিট। এরপর ১৪ থেকে ১৯ মার্চ পর্যন্ত প্রতিদিন পর্যায়ক্রমে ২৪ থেকে ২৯ মার্চের টিকিট ছাড়া হবে।
নিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
যেসব রুটে চলবে বিশেষ ট্রেন
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম ছাড়বে বিকেল ৩ টা ৩০ মিনিটে, চাঁদপুর পৌঁছাবে রাত ৮ টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেন চাঁদপুর ছাড়বে ভোর ৪ টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮ টা ৫০ মিনিটে।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ঢাকা ছাড়বে সকাল ৯ টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩ টা ৩০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ ছাড়বে বিকেল ৪ টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেন ভৈরববাজার ছাড়বে সকাল ৬ টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেন ময়মনসিংহ ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেন কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭টায়। পার্বতীপুর পৌঁছাবে রাত ২ টা ৩০ মিনিটে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে সকাল ৮ টা ১৫ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২ টা ২০ মিনিটে৷
ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮ টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২ টা ৫০ মিনিটে। পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০ টা ২০ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫ টা ৪৫ মিনিটে।
এমএ//