দুর্ঘটনা

ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারের  ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

ওসি মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন