মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোরে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। এর আগে রোববার (২৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে অসুস্থতা অনুভব করলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি আগে থেকেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল না। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, দীপু মনি দীর্ঘদিন ধরে এসব শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়। অসুস্থ হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসি//